ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

চীনে আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি!

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ সকাল

Link Copied!

আকাশে উড়বে গাড়ি, যাতায়াত করবে এক জায়গা থেকে অন্য জায়গায়-বিজ্ঞানের কল্পকাহিনির মতো মনে হলেও বাস্তবের পথে এগোচ্ছে এই প্রযুক্তি। চীনে আগামী বছরের দ্বিতীয়ার্ধে সীমিত পরিসরে যাত্রী বহনে ব্যবহারের জন্য উড়ন্ত গাড়ি চালুর পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপেং (XPeng)। দুই আসনের এ উড়ন্ত যানের দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ বছর ধরে গবেষণা ও উন্নয়নের পর উড়ন্ত যানটি সীমিত ব্যবহারের জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে এটি গ্রামীণ এলাকায় বিনোদনমূলক কাজে এবং দুর্গম স্থানে জরুরি সেবার প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলি ঝাও।

যানটির ককপিটের আকার প্রায় ফিয়াট ৫০০ গাড়ির সমান। এতে ড্রোনের মতো ছয়টি ব্যাটারিচালিত প্রপেলার রয়েছে, যার সাহায্যে এটি আকাশে উড়তে পারে। সাধারণ জয়স্টিকের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি নির্দিষ্ট গন্তব্য প্রোগ্রাম করে দিলে স্বয়ংক্রিয়ভাবেও উড়তে সক্ষম যানটি।

উড়ন্ত যানটির সঙ্গে থাকছে ছয় চাকার একটি ভ্যান, যার আকার ফোর্ড ট্রানজিটের মতো। ভ্যানটির পেছনের অংশ থেকে উড়ন্ত যানটি বের করে ব্যবহার করা যাবে। অর্থাৎ এটি একটি মডুলার পরিবহনব্যবস্থা, যেখানে স্থলযান ও আকাশযান একসঙ্গে কাজ করবে।

ডেলি ঝাওয়ের দাবি, প্রশিক্ষণপ্রাপ্ত একজন পাইলট মাত্র পাঁচ মিনিটে অন্য কাউকে যানটি চালানোর প্রাথমিক প্রশিক্ষণ দিতে পারবেন। তবে এটি প্রচলিত অর্থে গাড়ি নয়; এতে চাকা নেই। বরং হেলিকপ্টারের মতো উড়তে সক্ষম ড্রোনজাতীয় যান হিসেবে একে বর্ণনা করা যায়।

বর্তমানে যানটির একবার চার্জে উড়ার সক্ষমতা প্রায় ৩০ কিলোমিটার। তবে ব্যাটারির শক্তি ঘনত্ব বাড়িয়ে এই দূরত্ব দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এটি ভূমি থেকে সর্বোচ্চ প্রায় এক কিলোমিটার উচ্চতায় উড়তে পারবে।

তবে আপাতত সবার জন্য উন্মুক্ত হচ্ছে না এই প্রযুক্তি। চীনে অনুমোদিত নির্দিষ্ট পার্ক এলাকায় এবং দুর্গম স্থানে পৌঁছানোর প্রয়োজন হলে জরুরি সেবায় এটি ব্যবহার করা যাবে। ফলে শুরুতে ব্যক্তিগত যাতায়াতের সাধারণ বাহন হিসেবে এর ব্যবহার সীমিত থাকবে।

চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও উড়ন্ত গাড়ি নিয়ে প্রতিযোগিতা চলছে। সম্প্রতি ইলন মাস্ক তাঁর উড়ন্ত টেসলার একটি প্রদর্শনী করেছেন। তবে এক্সপেংয়ের প্রধান নির্বাহী ডেলি ঝাওয়ের মতে, টেসলার প্রদর্শিত যানটি মূলত লাফানো বা ভেসে ওঠার মতো কৌশল দেখিয়েছে, প্রকৃত অর্থে উড়ন্ত যান নয়।

চীনের সরকার ড্রোন ও উড়ন্ত গাড়িসহ নিম্ন-উচ্চতার আকাশভিত্তিক পরিবহনব্যবস্থাকে ‘লো-অলটিটিউড ইকোনমি’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনায় প্রথমে আকাশপথে পণ্য পরিবহন, পরে যাত্রী পরিবহন এবং গ্রামীণ এলাকা থেকে ধীরে ধীরে শহরাঞ্চলে এ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

ডেলি ঝাও জানান, চীনে বর্তমানে প্রায় ২০টি প্রতিষ্ঠান উড়ন্ত যান নিয়ে কাজ করছে। তাঁর প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে চুক্তি করেছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব ইউরোপের বাজারেও প্রবেশের লক্ষ্য রয়েছে তাদের।

বিশ্বের পরিবহনব্যবস্থাকে দ্বিমাত্রিক পথ থেকে ত্রিমাত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন এক্সপেংয়ের প্রধান নির্বাহী। তবে উচ্চমূল্য, সীমিত উড্ডয়ন সক্ষমতা, নিরাপত্তা ও নিয়ন্ত্রক অনুমোদনের মতো বিষয়গুলো উড়ন্ত গাড়ির ব্যাপক ব্যবহার কতটা দ্রুত সম্ভব হবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Basumati Agro Introduces New Opportunities in Agribusiness with Swarnobhumi

কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি

উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়ন পূরণের তাগিদ ভারতের

কক্সবাজারে অবকাঠামো তৈরিতে রোহিঙ্গা নারীদের দৃষ্টান্ত স্থাপন

কৃষকের সঙ্গে আলোচনা করে আমনের ন্যায্য ক্রয়মূল্য নির্ধারণের দাবি ২৯ নাগরিকের

অকটেন-ডিজেলে পরিমাপে কারচুপি, কাফরুলে পাম্পকে জরিমানা

কপ৩১ সম্মেলনে বৈদ্যতায়নে ১৫,৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ

জলবায়ু প্রতিবেদনের জট কাটাতে আইপিসিসি প্রধানের আহ্বান

চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে জোর দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা