
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে রাজবাড়ী সদর উপজেলার তিনটি এলাকার প্রায় ৫০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। তবে শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে বৃষ্টি বন্ধ হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয় মানুষের মধ্যে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত দুই দিন রাজবাড়ীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এতে সদর উপজেলার বানিবহ, রাজধরপুর ও মূলঘর এলাকার প্রায় ৫০ হেক্টর জমির ধান তলিয়ে যায়।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুই দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত ছিল। বৃষ্টি বন্ধ হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে পুরোদমে আমন ধান কাটা ও মাড়াই শুরু হবে।