ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

কৃষিজমি ও জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান কৃষিমন্ত্রীর

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ মে ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ

Link Copied!

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষিজমি ও জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, ধান, পাট কিংবা মাছ— কোনো ক্ষেত্রেই এক ইঞ্চি জমি বা জলাশয় অনাবাদি রাখা যাবে না। পরিকল্পিত ও প্রযুক্তিনির্ভর চাষাবাদের মাধ্যমেই দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

বৃহস্পতিবার (১৪ মে) মৎস্য অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে পরিকল্পিতভাবে মাছ চাষ করা গেলে তা মিঠাপানির মাছ উৎপাদনে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ একর জলাশয়ে আধুনিক পদ্ধতিতে মাছ উৎপাদন করা হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং বছরে কয়েক কোটি টাকা আয় সম্ভব।

তিনি আরও বলেন, এত বড় জলাশয় থাকা সত্ত্বেও অতীতে এ সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। সরকারের পক্ষ থেকে এদিন প্রায় ৩৯৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। দীর্ঘদিন মাছ চাষ না হওয়ায় এবং বাইরের পানির সঙ্গে সংযোগ থাকায় লেকগুলোতে রাক্ষুসে মাছ থাকতে পারে—এ কারণে বড় আকারের পোনা ছাড়া হয়েছে যাতে সেগুলো টিকে থাকতে পারে।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষি ও মৎস্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের ৭৫ থেকে ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকের আয় বাড়লে সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে। এ লক্ষ্যে সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্বল্পসুদে কৃষিঋণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গবাদিপশুর কোনো সংকট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশ বর্তমানে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকাতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে মোট ৩৯৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মধ্যে রুই ১৫৮ কেজি, কাতলা ১১৮ দশমিক ৫ কেজি, মৃগেল ৭৯ কেজি এবং কালিবাউস ৩৯ দশমিক ৫ কেজি।

Facebook Comments Box

আরও পড়ুন

ব্যাটারিচালিত রিকশার সিসা দূষণে ঝুঁকিতে শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম

এক থেকে দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী

স্মার্ট সরকারি ব্যয় বাড়ালে কৃষিতে উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে: বিশ্বব্যাংক

টানা দ্বিতীয় দফায় বাড়ল রুপার দাম

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে মাছসহ তিন জেলে আটক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে স্বস্তি

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

রিওতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত

দেশের তিন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা

ব্যাকটেরিয়া নিধনে নতুন অস্ত্র ‘ব্যাকটেরিওফায’ ভাইরাস

জয়পুরহাটে একদিনেই দ্বিগুণ কাঁচা মরিচের দাম

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান