
দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৭০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৬৬ জন।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ১৩৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে ১ হাজার ৭৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭১২ জনে। একই সময়ে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।