ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

হাম প্রতিরোধে রাজনীতিবিদদের বড় দায়িত্ব দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ । ১৯ জন

জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেছেন, প্রতিটি এলাকায় সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে ঘরে ঘরে গিয়ে টিকাদান কর্মসূচি সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।

রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর কড়াইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ৫৯ মাস বয়স পর্যন্ত সব শিশুকে অবশ্যই টিকার আওতায় আনতে হবে। শুধু নিজের শিশুকে টিকা দেওয়া নয়, বরং পুরো জনগোষ্ঠীর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করাই মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, অন্তত ১০০ জন শিশুর মধ্যে ৯৫ জনকে টিকা দিতে হবে, যাতে বাকি কয়েকজন বাদ পড়লেও সংক্রমণের ঝুঁকি না থাকে। এটি সফল করতে পারলে হাম প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর হবে।

আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এ উদ্যোগে সর্বাত্মক সহায়তা দিচ্ছে এবং সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, সময়মতো শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়া গেলে এই রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। তিনি জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিতভাবে কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।

এ সময় তিনি ঢাকা উত্তরে হামের চিকিৎসার জন্য একটি পৃথক হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়েও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়। এর ধারাবাহিকতায় আজ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে এটি সারাদেশে বিস্তৃতভাবে পরিচালিত হবে।