ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বাসের ধাক্কায় মৌচাষির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১০, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ । ২০ জন

মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বসন মুন্সি (২০) নামে এক মৌচাষির মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বসন মুন্সি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ছোট বনগ্রামের নুর মুন্সির ছেলে। তিনি পেশায় একজন মৌচাষি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাসারের পান্তাপাড়া এলাকায় মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ির দিকে ফিরছিলেন বসন মুন্সি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় গ্রামীণ সড়ক দিয়ে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয়রা বাসটি আটকের চেষ্টা করলে চালক উপজেলার বাঁশতলা মোড়ে বাস রেখে পালিয়ে যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘাতক বাসটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবার ও স্থানীয়রা জানান, বসন মুন্সি মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।