
ভারতের সঙ্গে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মাত্র তিন দিনে প্রায় দুই হাজার টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। এতে বাজারে সরবরাহ বেড়ে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪ থেকে ৭ টাকা পর্যন্ত কমেছে।
পাইকারি ব্যবসায়ীরা জানান, ভারতীয় পেঁয়াজ বাজারে প্রবেশের সঙ্গে সঙ্গেই দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানী ও অন্যান্য বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫ থেকে ৬৭ টাকা কেজি দরে, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ৭০টি ট্রাকে প্রায় দুই হাজার টন পেঁয়াজ দেশে এসেছে। নিয়মিত আমদানি অব্যাহত থাকলে বাজার দ্রুত স্থিতিশীল হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজস্ব কর্মকর্তা মো. রাসেল আহম্মেদ বলেন, “মাত্র তিন দিনেই দুই হাজার টন পেঁয়াজ দেশে এসেছে। এর প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। সরবরাহ আরও বাড়বে।”
এদিকে, সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ জানিয়েছেন, বাজারগুলোতে নিয়মিত মনিটরিং চলছে। কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রেখে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, স্থানীয় উৎপাদন দেশের চাহিদা পুরোপুরি মেটাতে পারছে না। তাই প্রতিবছরই ভারতের ওপর নির্ভর করতে হয়। ভোমরা বন্দর দিয়ে নিয়মিত আমদানি শুরু হওয়ায় দাম নিয়ন্ত্রণে আসছে এবং ভোক্তারা স্বস্তি পাচ্ছেন।