সৌদি আরবের নতুন আন্তর্জাতিক এয়ারলাইন্স Riyadh Air বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে প্রতিষ্ঠিত এই এয়ারলাইন্সটি বাংলাদেশে স্টেশন স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এ আগ্রহের কথা জানান।
সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাত উন্নয়নে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় রাষ্ট্রদূত রিয়াদ এয়ারের বাংলাদেশে স্টেশন স্থাপন এবং ফ্লাইট পরিচালনার বিষয়টি তুলে ধরেন। প্রতিমন্ত্রী ঢাকা ছাড়াও সিলেট ও চট্টগ্রাম থেকে ফ্লাইট চালুর বিষয়ে সৌদি পক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মন্ত্রী বাংলাদেশের যাত্রীদের জন্য সৌদি এয়ারলাইন্সগুলোর সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন। রাষ্ট্রদূত এ বিষয়ে দ্রুত উন্নয়নের আশ্বাস দেন।


