ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

বরিশালে হাম উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ । ১২ জন

হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এর ফলে বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে হাম উপসর্গ নিয়ে ৭৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে ২০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালটি থেকে মোট ২৫৪ জন রোগী চিকিৎসা নিয়েছে।

এদিকে, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে মোট ৬৯৭ জন। এর মধ্যে ৪০১ জন ছাড়পত্র পেয়েছে এবং ৫১ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। রোগটি যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সে জন্য বিভাগের সব হাসপাতালে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সতর্ক থাকার আহ্বান জানান।