ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

পঞ্চগড়ে কনকনে শীত অব্যাহত, তাপমাত্রা আরও কমার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৯, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ । ১৭৬ জন

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে ঠান্ডা বাতাসের সঙ্গে শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়লেও কমেনি শীতের তীব্রতা। গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে, ফলে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।

সরেজমিনে দেখা গেছে, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও হালকা কুয়াশার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। সকাল বেলা সূর্যের দেখা মিললেও কুয়াশার দাপটে উত্তাপ ছড়াতে পারেনি। ঘন কুয়াশার কারণে জেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে ধীরগতিতে। অনেক যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কুয়াশার চাদরে প্রকৃতি ঢাকা পড়লেও জীবিকার তাগিদে সাত সকালেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষরা।

তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। প্রতিদিনই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময়ে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।