
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশে গাছ কাটার সময় ডাল মাথায় পড়ে মো. ইয়াসিন আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর পাঁচ বছর বয়সী ছেলে মো. রিয়াদ গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ভাগলপুর-মহেশপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলী শালঘড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন আলী তাঁর ছেলে রিয়াদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ভাগলপুর-মহেশপুর ব্রিজের পাশে একটি গাছ কাটার সময় গাছের ডাল তাঁদের মাথার ওপর পড়ে। এতে ইয়াসিন আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর ছেলে রিয়াদও মাথায় গুরুতর আঘাত পায়।
পরে স্থানীয়রা আহত রিয়াদকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস কুদ্দুস। তিনি বলেন, সড়কের পাশে গাছ কাটার সময় গাছের ডাল পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা শিশুটি আহত হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।