ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন উত্তাপ চরমে, তখন বেসরকারি ফলাফলে সামনে এসেছে এক ভিন্নমাত্রার চিত্র। দেশের লাইফ ও নন-লাইফ বীমা খাতের সাবেক ও বর্তমান তিন শীর্ষ নির্বাহী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ব্যবসা ও আর্থিক খাতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যক্তিরা এবার আইন প্রণয়নের সর্বোচ্চ ফোরামে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।
ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এই তিন প্রার্থীর জয় শুধু রাজনৈতিক সাফল্য নয়; বরং করপোরেট নেতৃত্ব থেকে সরাসরি জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের এক নতুন দৃষ্টান্ত।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী এই তিন ব্যবসায়ী-নেতার ভোটের পরিসংখ্যান ও পেশাগত পরিচিতি তুলে ধরা হলো।
শরিয়তপুর-১: সাঈদ আহমেদের জয়
সাঈদ আহমেদ শরিয়তপুর-১ আসনে ৭৭,৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৯০,৩৬১। তিনি নন-লাইফ বীমা প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড-এর পরিচালক ও সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
ব্যবসায়িক অঙ্গনে তিনি বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন শিপিং, সিকিউরিটিজ ও ব্যাংকিং খাতের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তার।
নোয়াখালী-৫: ফকরুল ইসলামের এগিয়ে থাকা
নোয়াখালী-৫ আসনে ১,৪৭,৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ ফকরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলায়েত হোসেন পেয়েছেন ১,২০,৪৫৩ ভোট। ফকরুল ইসলাম ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর বর্তমান চেয়ারম্যান।
তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পোশাক, রিয়েল এস্টেট, নির্মাণ ও স্বাস্থ্যসেবা খাতে ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। মেট্রো গ্রুপভুক্ত একাধিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডেও সক্রিয় অংশগ্রহণ রয়েছে তার।
ফেনী-৩: আবদুল আওয়াল মিন্টুর বিজয়
ফেনী-৩ আসনে ১,৫৭,৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবদুল আওয়াল মিন্টু। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫,০৮,১৯৪ জন। তিনি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান।
আবদুল আওয়াল মিন্টু ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র সাবেক সভাপতি। তিনি লাল তীর সিড লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। উচ্চশিক্ষা অর্জন করেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে; পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখছেন।


