ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

ঢাকায় রোদের দেখা মিলবে, শীতের তীব্রতা কমার আভাস

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ । ১২৪ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বুধবার (২১ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ফলে দিনের বড় একটি অংশজুড়ে রোদের দেখা মিলবে। গত কয়েকদিনের তুলনায় আজ শীতের তীব্রতা কিছুটা কম থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বুধবার সকালে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।

এর আগে মঙ্গলবারও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলেও দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও রাত ও ভোরে শীত অনুভূত হচ্ছে। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রংপুরে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।