
আজ ঢাকা শহরের ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিবাহী মেঘের গতি ধীর হওয়ায় এ বৃষ্টিপাত দুই থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে নগরজুড়ে ব্যাপক জলাবদ্ধতা ও তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। ফলে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হতে পারে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক এবং সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছেন।
তার পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা বিভাগের সব জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টি বয়ে যেতে পারে।
এর মধ্যে শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ঢাকা জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
এ ছাড়া ভোর থেকেই চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলো এবং বরিশাল বিভাগের সব জেলার ওপর দিয়েও একই ধরনের আবহাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বৃষ্টিবাহী মেঘের ধীরগতির কারণে ঢাকায় বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে। একই সঙ্গে সড়কে যানবাহনের চাপ বাড়ায় তীব্র যানজটের আশঙ্কাও রয়েছে। এতে সকালে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগামী মানুষের দুর্ভোগ বাড়তে পারে।