
ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও ক্যাশ মেমো সংরক্ষণ না করায় চার ডিম ব্যবসায়ীকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (১৭ আগস্ট) দুপুরে জেলা শহরের ফারুকী বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, ভোক্তা পর্যায়ে ডিমের বাজার স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, ব্যবসায়ীরা ডিম বিক্রয়ের মূল্য তালিকা প্রদর্শন করেননি এবং ক্রয়-বিক্রয়ের ক্যাশ মেমো যথাযথভাবে সংরক্ষণ করেননি।
এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় চারটি দোকানকে জরিমানা করা হয়। পাশাপাশি দোকান মালিকদের মূল্য তালিকা টাঙানো ও ক্যাশ মেমো সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, “ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”