ময়মনসিংহের হালুয়াঘাটে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ডুবে গেছে বোরোসহ বিভিন্ন ফসলি জমি, আর ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা।
শুক্রবার (২৭ মার্চ) রাতে বোরারঘাট নদীর বাঁধে ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে উপজেলার গাজীরভিটা ইউনিয়নের গাজীরভিটা, বোয়ালমারা, মহাজনীকান্দা, পাগলাবাজার, পূর্ব কালিনিকান্দা ও আনচেংগ্রী গ্রাম প্লাবিত হয়। এতে বোরো ধান, ভুট্টা ও বাদামসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে যায়।
স্থানীয়দের মতে, হঠাৎ পানি ঢুকে নিচু এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করে। এতে মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। গবাদিপশু নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।
এদিকে ধোবাউড়া উপজেলায় নেতাই নদীর পানি বেড়ে গিয়ে রাবার ডেম সড়ক ভেঙে পড়ে। এতে গামারীতলা ইউনিয়নের কলসিন্দুরসহ আশপাশের এলাকা প্লাবিত হয়ে ফসলি জমি তলিয়ে যায়।
স্থানীয় কৃষকরা জানান, কয়েক দিনের মধ্যেই বোরো ধানে শীষ বের হওয়ার কথা ছিল। কিন্তু এখন পুরো ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন। অনেকের মতে, দ্রুত পানি না নামলে ফসলের ব্যাপক ক্ষতি হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক মো. এনামুল হক জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হালুয়াঘাটে অন্তত ২০০ একর এবং ধোবাউড়ায় আরও ১০০ একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও তালিকা তৈরির কাজ চলছে।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বোরারঘাট বাঁধটি দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এবং এটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডকে রাবার ডেম সড়ক সংস্কারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


