
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ মাছ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযানকালে জব্দ করা পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেন ওই ব্যবসায়ী।
এ সময় বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীকে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা মাছ বিক্রি থেকে বিরত থাকা এবং ওজনে কম না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, ক্যাব সদস্য বিপ্লব সরকার, মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।