ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  • অন্যান্য

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠার দাবি গাইবান্ধায়

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ । ৩৩১ জন

‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। শনিবার (৯ আগস্ট) কামদিয়া ইউনিয়নের সাতানা আলোর ঘর স্কুলমাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, অধিকার প্রতিষ্ঠা এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান। পাশাপাশি আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সরকারের প্রতি।

দিবসটি উদযাপনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘আমরাই পারি’ ও ‘অবলম্বন’ যৌথভাবে আয়োজন করে। সকালে সাঁওতাল নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। পরে আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী নেত্রী লক্ষ্মী মুর্মু। এতে বক্তব্য দেন পরিবেশ আন্দোলন গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, সংস্কৃতিকর্মী মানিক বাহার এবং নারীনেত্রী নাজমা বেগম প্রমুখ।