ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ । ২৮ জন

ঢাকাসহ দেশের চারটি বিভাগে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।

আজকের পূর্বাভাস

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েক দিনের পূর্বাভাস

আগামী শুক্রবার (৩ এপ্রিল) সিলেট বিভাগের কিছু এলাকায় এবং শনিবার (৪ এপ্রিল) একই বিভাগের দুই-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যত্র আবহাওয়া শুষ্কই থাকতে পারে।

রোববার (৫ এপ্রিল) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিন দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সোমবার (৬ এপ্রিল) ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা ওঠানামা এবং স্থানীয়ভাবে বজ্রঝড়ের ঝুঁকি থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।