ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

আগামী ১৮-২১ জানুয়ারি যেমন থাকতে পারে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৭, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ । ২৫৫ জন

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী কয়েক দিনে শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ বিভিন্ন এলাকায় হালকা থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনার পাশাপাশি সপ্তাহের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিনি বলেন, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিনও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ও বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা জানানো হয়েছে। এসব দিনেও শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা এ সময় প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচদিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।