
জাতীয় সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবিলায় আরও ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১ নভেম্বর) রাজধানীতে নিউএইজ পত্রিকা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার রাতারাতি সমাধান সম্ভব নয়। তবে জনগণের স্বার্থ বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সহনীয় পর্যায়ে রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়ে চলমান দ্বন্দ্ব-সংঘাতের কারণে সৃষ্ট সংকট মোকাবিলা করে দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
ইকবাল হাসান মাহমুদ জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলা এবং জনগণের ওপর জ্বালানি ঘাটতির চাপ কমাতে প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে।
নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা নির্বাচিত সরকারের অন্যতম প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, জনগণও স্বাভাবিক জ্বালানি সরবরাহ প্রত্যাশা করে। যেকোনো পরিস্থিতিতে স্থিতিশীল জ্বালানি সরবরাহ বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
জ্বালানি ঘাটতি মোকাবিলা এবং ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সংগতি রাখতে আরও বেশি স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনগণের চাহিদা পূরণে কাজ করছে সরকার।