ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

নারী ও শিশুদের জন্যে খেলার মাঠের দাবি

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ । ২৪৮ জন

নাখালপাড়া রেলগেটে স্থায়ী শহিদ মিনার নির্মাণ ও চব্বিশের অভ্যুত্থানের শহিদদের স্মৃতির মিনার স্থাপনের কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে নাখালপাড়া রেলগেট এলাকা পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। গত ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তিনি এ পরিদর্শনে যান।

এ সময় শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের পাঠাগারের পক্ষ থেকে সাবেক সভাপতি আলী মো. আবু নাঈম, সাধারণ সম্পাদক ফাহিমা কানিজ লাভা শহিদ মিনারের পরিকল্পনা ব্যাখ্যা করেন।

পাঠাগারের সংগঠকদের পক্ষ থেকে এ সময় এলাকায় খেলার মাঠ না থাকার কথা, বিশেষ করে নারী ও শিশুদের জন্যে খেলার মাঠের কথাও তুলে ধরা হয়। চব্বিশের অভ্যুত্থানের শহিদদের স্মৃতির মিনার স্থাপনের বিষয়টি তুলে ধরেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি।

এ সময় আরো উপস্থিত ছিলেন মায়ের ডাক-এর আফরোজা ইসলাম আঁখি, সাইফুল ইসলাম শ্যামল, পাঠাগারের দপ্তর সম্পাদক সামিয়া পারভীন, অর্থ সম্পাদক লোকমান হুসাইন, মো. আরিফ, জুই আক্তার, আওলাদ হোসেন, নূর মো. রুবেল-সহ অন্য সদস্যরা। এছাড়া ছিলেন পাঠাগারের শুভানুধ্যায়ী মাসুদ পারভেজ, মুজাহিদ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নাখালপাড়া রেলগেট এলাকায় একটা শহিদ মিনার ছিল যা রেলের সম্প্রসারণ কাজের অংশ হিসাবে ভাঙা পড়ে। ২০২৪ সালের ৬ আগস্ট পাঠাগারের সদস্য ও স্থানীয় শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশ-শোলা দিয়ে অস্থায়ী শহিদ মিনার নির্মাণ করা হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র ও শহিদ মিনারের নকশাসহ বাংলাদেশ সেতু কর্তৃক্ষের কাছে আবেদন করা হলে কর্তৃপক্ষ তা অনুমোদন করে।