ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শীতের দেশেও তুষারের দেখা নেই, পেছনে কি এল নিনো?

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
২৫ নভেম্বর ২০২৬, ৫:১৭ বিকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যের রাজধানী চেয়েনে (Cheyenne) অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় ধরে তুষারপাত না হওয়ায় ভেঙে গেছে ১২৬ বছরের পুরোনো রেকর্ড। নভেম্বরের শেষ সপ্তাহেও শহরটিতে মৌসুমের প্রথম উল্লেখযোগ্য তুষারপাত হয়নি। এর আগে শহরটিতে সবচেয়ে দেরিতে প্রথম তুষারপাতের রেকর্ড ছিল ১৯০০ সালের ২০ নভেম্বর।

অন্যদিকে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হয়েছে, যা ২০২৬-২৭ সালের শীত মৌসুমের আবহাওয়ায় প্রভাব ফেলতে পারে। কেউ কেউ একে ‘মেগা এল নিনো’ বা ‘গডজিলা এল নিনো’ বললেও আবহাওয়াবিদদের একাংশ এ ধরনের নামকরণকে অতিরঞ্জিত বলে মনে করছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম কাউবয় স্টেট ডেইলি।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের (NWS) চেয়েন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শহরটিতে এর আগে সবচেয়ে দেরিতে মৌসুমের প্রথম পরিমাপযোগ্য তুষারপাত হয়েছিল ১৯০০ সালের ২০ নভেম্বর। ২০২৬ সালে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে শহরটি।

২৪ নভেম্বর পর্যন্ত চেয়েনে মৌসুমের প্রথম উল্লেখযোগ্য তুষারপাত হয়নি। আবহাওয়া দপ্তরের হিসাবে, কোনো তুষারপাতকে মৌসুমের প্রথম তুষারপাত হিসেবে গণ্য করতে হলে অন্তত দশমিক ১ ইঞ্চি বা প্রায় ০.২৫ সেন্টিমিটার তুষার জমতে হবে।

শহরটিতে ২ বা ৩ নভেম্বর সামান্য তুষারপাত হয়েছিল বলে জানিয়েছেন ওয়াইওমিংয়ের আবহাওয়াবিদ ডন ডে। তবে সেটি প্রয়োজনীয় পরিমাণে জমা না হওয়ায় সরকারি হিসাবে মৌসুমের প্রথম তুষারপাত হিসেবে বিবেচিত হয়নি।

ওয়াইওমিংয়ের অধিকাংশ এলাকায় এরই মধ্যে মৌসুমের প্রথম তুষারপাত হলেও রাজ্যটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অংশে তা পৌঁছায়নি। চেয়েনসহ আশপাশের এলাকায় এ ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়াবিদ ডন ডের মতে, ওয়াইওমিংয়ের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্ব কলোরাডো এবং পশ্চিম নেব্রাস্কা এলাকায় বায়ুপ্রবাহের বিশেষ অবস্থার কারণে শীতকালীন ঝড়গুলো এড়িয়ে গেছে। ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে একের পর এক ঝড় আঘাত হানলেও সেগুলো চেয়েনের দিকে এগোয়নি।

এল নিনোর প্রভাবও এ পরিস্থিতিতে ভূমিকা রাখছে। প্রশান্ত মহাসাগর থেকে আসা তুলনামূলক উষ্ণ বাতাস রকি পর্বতমালা অঞ্চলে শীতল কানাডীয় বাতাসের প্রভাব কমিয়ে দিয়েছে। ফলে অক্টোবর ও নভেম্বরের কয়েকটি বৃষ্টির ঘটনা তুষারপাতের পরিবর্তে বৃষ্টিতেই সীমাবদ্ধ থেকেছে।

ডন ডে জানান, চেয়েনে তুষারপাত না হলেও কাছের লারামি শহরে কয়েকবার তুষারপাত হয়েছে। এর একটি কারণ দুই শহরের উচ্চতার পার্থক্য। লারামি চেয়েনের তুলনায় প্রায় এক হাজার ফুট উঁচুতে অবস্থিত।

প্রশান্ত মহাসাগরে চলমান এল নিনো পরিস্থিতিকে কেউ কেউ ‘সুপার এল নিনো’, ‘মেগা এল নিনো’ এমনকি ‘গডজিলা এল নিনো’ বলছেন। তবে আবহাওয়াবিদ ডন ডে এসব নামকরণের সঙ্গে একমত নন।

তার মতে, বর্তমান এল নিনো অত্যন্ত শক্তিশালী হলেও ‘সুপার’, ‘মেগা’ কিংবা ‘গডজিলা এল নিনো’ কোনো স্বীকৃত আবহাওয়াবৈজ্ঞানিক পরিভাষা নয়।

তিনি বলেন, গত ৩০ বছরের মধ্যে এটি অন্যতম শক্তিশালী এল নিনো। এর তীব্রতা বুঝতে ১৯৮২-৮৩ এবং ১৯৯৭-৯৮ সালের শক্তিশালী এল নিনোর সঙ্গে তুলনা করা যেতে পারে। বর্তমান পরিস্থিতি ওই সময়ের এল নিনোর সমান বা কিছুটা বেশি শক্তিশালী হতে পারে।

ডন ডে আরও বলেন, আবহাওয়ার দীর্ঘমেয়াদি তথ্যের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এ ধরনের পরিস্থিতি মূল্যায়ন করা উচিত। প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার অস্বাভাবিকতা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য মূলত ১৯৭০-এর দশক থেকে পাওয়া যায়।

আবহাওয়াবিদদের ধারণা, এল নিনোর প্রভাব ওয়াইওমিংয়ে কিছুটা বিলম্বে দেখা দিতে পারে। ডিসেম্বর থেকে পশ্চিম উপকূলের ঝড়গুলো পূর্ব দিকে অগ্রসর হয়ে ওয়াইওমিংয়ে বেশি বৃষ্টিপাত ও তুষারপাতের সুযোগ তৈরি করতে পারে।

আগের পাঁচটি শক্তিশালী এল নিনো পরিস্থিতি বিশ্লেষণ করে ডন ডে দেখেছেন, এর মধ্যে তিনটিতে ওয়াইওমিংয়ের উল্লেখযোগ্য অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল। বিশেষ করে রাজ্যটির দক্ষিণাঞ্চলে এর প্রভাব বেশি দেখা গেছে।

তবে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি ওয়াইওমিংয়ের তুলনামূলক শুষ্ক মাস। ফলে শক্তিশালী এল নিনো থাকলেও এ সময়ে প্রত্যাশিত পরিমাণ বৃষ্টিপাত বা তুষারপাত হবে কি না, তা নিশ্চিত নয়।

ডন ডের পূর্বাভাস অনুযায়ী, থ্যাংকসগিভিংয়ের ছুটির দিন বৃহস্পতিবার আবহাওয়া তুলনামূলক শান্ত থাকতে পারে। তবে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত কানাডা থেকে একটি শীতল বায়ুপ্রবাহ ও আর্দ্রতা ওয়াইওমিংয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে।

এতে রাজ্যটির পাহাড়ি এলাকায় উল্লেখযোগ্য তুষারপাত হতে পারে। সমতল এলাকাতেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রোববার সকালে রাজ্যটির বিভিন্ন এলাকায় তুষারপাত, বরফাচ্ছন্ন সড়ক ও তীব্র বাতাসের কারণে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

ডন ডের মতে, চেয়েনে তুষারপাত হবে, তবে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক দেরিতে।

সব মিলিয়ে শক্তিশালী এল নিনো, অস্বাভাবিক উষ্ণতা এবং শীতকালীন ঝড়ের গতিপথের পরিবর্তনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার ভিন্নতা দেখা যাচ্ছে। চেয়েনের ১২৬ বছরের রেকর্ড ভাঙা সেই অস্বাভাবিকতারই একটি উল্লেখযোগ্য উদাহরণ।

Facebook Comments Box

আরও পড়ুন

Chattogram Urges Drivers to Follow 40 km/h Speed Limit to Prevent Road Accidents

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ৪০ কিমি গতিসীমা মানার আহ্বান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

পাঁচ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার শিশু হাসপাতাল

যাত্রাবাড়ীতে দ্রুতগতির বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আগামী পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

ইংল্যান্ডে তীব্র গরমে এক গ্রীষ্মেই ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু

OPPO Celebrates First Sale of World’s First Triple 200MP Camera Phone in Bangladesh

বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

সমুদ্রের ভাঙনে হারিয়ে যেতে পারে ইংল্যান্ডের হাজারো বাড়ি!

প্রায় ১০০ বছর পর ফিরছে ৪০০ কোটি গাছ হারানোর সেই প্রজাতি!

কপ৩১ ব্যর্থতার প্রতীক ক্রিস বোয়েনের যে ছবিটি বিশ্বজুড়ে আলোচনায়