
দুই দফা বাড়ার পর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম অনুযায়ী অলংকারের নকশা অনুসারে মজুরি দিতে হবে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদল করলে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এ ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এ দাম ও নিয়ম কার্যকর থাকবে।
বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) এ দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ৮৫৮ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৭ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
এদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।