ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

পাঁচ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার শিশু হাসপাতাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬, ২:২৩ বিকাল

Link Copied!

দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর অবশেষে চালু হচ্ছে দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোর কার্যক্রম শুরু হবে। হাসপাতাল পাঁচটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল হাসপাতালগুলো। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর হাসপাতালগুলোর ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

হাসপাতাল পাঁচটির জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে রয়েছে উপপরিচালকের ৫টি, সহকারী পরিচালকের ৫টি, সিনিয়র কনসালটেন্টের ১০০টি, জুনিয়র কনসালটেন্টের ২০০টি এবং আবাসিক চিকিৎসকের ১০টি পদ। এ ছাড়া আবাসিক সার্জনের ১৫টি, আবাসিক মেডিকেল অফিসারের ৫টি, মেডিকেল অফিসারের ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জনের ১০টি, ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগের ২০টি পদ রাখা হয়েছে।

এদিকে, হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করার প্রক্রিয়া এগিয়ে নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচটি প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি বিশেষায়িত শিশু হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি থাকবে বড় পরিসরের আইসিইউ ইউনিট। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রেখেই হাসপাতালগুলোর অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এসব হাসপাতালের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এর আগে, চলতি বছরের ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে দেশের ছয় বিভাগে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। মূলত এরপর থেকেই হাসপাতালগুলো চালুর প্রস্তুতি জোরদার হয়।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন।

জানা গেছে, ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলো চালুর জন্য প্রয়োজনীয় নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

সমুদ্রের ভাঙনে হারিয়ে যেতে পারে ইংল্যান্ডের হাজারো বাড়ি!

প্রায় ১০০ বছর পর ফিরছে ৪০০ কোটি গাছ হারানোর সেই প্রজাতি!

কপ৩১ ব্যর্থতার প্রতীক ক্রিস বোয়েনের যে ছবিটি বিশ্বজুড়ে আলোচনায়

জলবায়ু রক্ষায় বড় অঙ্গীকারের সুযোগ হারাল বিশ্ব, ব্যর্থ কপ৩১

হিমালয়ের ঠান্ডা বাতাসে কাঁপছে পঞ্চগড়, বাড়ছে শীতের প্রকোপ

শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি বন্ধে উদ্যোগী খুলনা

পুরুষের চেয়ে নারীদের শীত বেশি লাগে কেন, যা বলছে বিজ্ঞান

স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন হচ্ছেন পাঁচ নারী : জাতিসংঘ

জলবায়ু আলোচনায় গতি ফেরাতে সিদ্ধান্ত গ্রহণের নিয়ম বদলের প্রস্তাব

১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ ফ্লাইট, বিপাকে যাত্রীরা!

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু