
ভারতের উত্তরপ্রদেশের কনৌজে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৬টার দিকে লাখনৌ-আগরা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে স্কুলবাসটিকে ধাক্কা দিলে বাসটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষামূলক ভ্রমণের অংশ হিসেবে উত্তরপ্রদেশের কৌশাম্বীর একটি স্কুলের শিক্ষার্থীরা তাজমহল দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তাদের বহনকারী বাসটি। বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী।
দুর্ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থী শৌচকর্মের জন্য বাস থেকে নেমেছিলেন। এ কারণে বাসটি সড়কের এক পাশে দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির ট্রাকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট অথরিটির কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চার শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। নিহতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।
পুলিশ সুপার বিনোদ কুমার জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের মধ্যে স্কুল ম্যানেজার ও একজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের কানপুরে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন জেলা প্রশাসক। দুর্ঘটনায় আহত না হওয়া শিক্ষার্থীদের অন্য একটি বাসে করে বাড়িতে পাঠানো হয়েছে।