
ভারতের রাজস্থানে মন্দির দর্শন শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়, দুর্ঘটনাকবলিত গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তারা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও দুটি শিশু রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে কোটা শহরের পুলিশ সুপার (এসপি) তেজস্বিনী গৌতমের নেতৃত্বে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন।
আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল দল নিয়োজিত করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ (এডিএম-সিটি) প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ জোশি। তিনি এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে অভিহিত করেছেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার। তিনি আরও জানান, নিহতদের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।