
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় সড়কের পাশের খাদে পড়ে গেছে গরুবোঝাই নছিমন ও একটি মোটরসাইকেল। এ দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া মারা গেছে নছিমনে থাকা একটি গরুও।
রোববার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি ট্রাক গরুবোঝাই নছিমন ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন গরু ব্যবসায়ী ফজলুল হক। তিনি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক গুরুতর আহত হন। তিনি কুলাঘাট এলাকার বাসিন্দা। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা গেছে।
লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। রংপুর মেডিকেলে নেওয়ার পথে মারা যান আরও একজন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে পুলিশ।