ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

যে ক্যানসারে বাঁচার আশা কম, সেই রোগেই আশার আলো নতুন ওষুধের

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ সকাল

Link Copied!

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় বড় ধরনের অগ্রগতির ইঙ্গিত দিয়েছে নতুন একটি ওষুধ। ‘ডারাক্সনরাসিব’ (Daraxonrasib) নামের এই ওষুধ পরীক্ষামূলক প্রয়োগে আশাব্যঞ্জক ফল দেখিয়েছে। ৬১ জন রোগীর ওপর পরিচালিত পরীক্ষায় প্রায় ৯০ শতাংশের ক্যানসার টিউমারের বৃদ্ধি বন্ধ হয়েছে। ৬০ শতাংশের বেশি রোগীর টিউমার ছোট হয়েছে বা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। এমনকি প্রতি ১২ জনের একজনের শরীরে স্ক্যানেও ক্যানসারের অস্তিত্ব শনাক্ত করা যায়নি। কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ২০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের অগ্ন্যাশয়ের ক্যানসার ইতোমধ্যে শরীরের অন্যান্য অঙ্গেও ছড়িয়ে পড়েছিল। চিকিৎসার পর গড়ে ১৮ মাস ধরে তাঁদের পর্যবেক্ষণ করা হয়। এ সময় প্রায় ৯০ শতাংশ রোগীর টিউমারের বৃদ্ধি বন্ধ ছিল। ৬০ শতাংশের বেশি রোগীর টিউমার ছোট হয়ে যায় বা অদৃশ্য হয়। আর প্রায় ৮ শতাংশ রোগীর সিটি স্ক্যানে ক্যানসারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

গবেষণায় আরও দেখা গেছে, চিকিৎসা শুরুর এক বছর পরও ৭৬ দশমিক ৬ শতাংশ রোগী জীবিত ছিলেন। প্রচলিত কেমোথেরাপি নেওয়া রোগীদের ক্ষেত্রে এক বছর পর বেঁচে থাকার হার সাধারণত ৪০ থেকে ৪৫ শতাংশ।

যেভাবে কাজ করে নতুন ওষুধ

ডারাক্সনরাসিব মূলত কেআরএএস (KRAS) নামের একটি জিনের পরিবর্তিত রূপকে লক্ষ্য করে কাজ করে। অগ্ন্যাশয়ের অধিকাংশ ক্যানসারে এই জিনের মিউটেশন পাওয়া যায়। এর ফলে ক্যানসার কোষে অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি ও বিভাজনের সংকেত তৈরি হয়। একপর্যায়ে ক্যানসার ছড়িয়ে পড়ে শরীরের অন্যান্য অঙ্গেও।

নতুন ওষুধটি কেআরএএসের এই অস্বাভাবিক কার্যক্রম বন্ধ করার মাধ্যমে ক্যানসার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে কাজ করে। ফলে টিউমারের বৃদ্ধি থেমে যেতে পারে এবং কিছু ক্ষেত্রে টিউমারের আকারও কমে আসে।

গবেষণার ফলাফল স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ইউরোপীয় অর্গানাইজেশন ফর রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট অব ক্যানসার, ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট এবং আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যানসার রিসার্চের যৌথ বৈজ্ঞানিক সম্মেলনে উপস্থাপন করা হয়।

নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ড. উংকি পার্ক গবেষণার ফলাফল উপস্থাপন করেন। তাঁর মতে, চিকিৎসার মাধ্যমে ক্যানসার ছড়িয়ে পড়া রোগীদের এত বেশি সংখ্যায় টিউমার অদৃশ্য হতে দেখা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তিনি এটিকে ক্যানসার নিরাময়ের সবচেয়ে কাছাকাছি অগ্রগতিগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন।

অগ্ন্যাশয়ের ক্যানসার কেন এত ভয়াবহ?

অগ্ন্যাশয়ের ক্যানসারকে সবচেয়ে প্রাণঘাতী ক্যানসারগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। প্রাথমিক পর্যায়ে রোগটির লক্ষণ অনেক সময় স্পষ্ট থাকে না। ফলে অধিকাংশ ক্ষেত্রে রোগ শনাক্ত হওয়ার আগেই ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত প্রতি দুইজনের একজন রোগী শনাক্ত হওয়ার তিন মাসের মধ্যে মারা যান। ক্যানসার শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়লে পাঁচ বছর বেঁচে থাকার হার মাত্র প্রায় ৩ শতাংশ।

এ ধরনের ক্যানসারের চিকিৎসায় দীর্ঘদিন ধরে সীমিত কিছু বিকল্প রয়েছে। প্রচলিত কেমোথেরাপি অনেক ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করলেও পরে আবার ক্যানসার বাড়তে শুরু করে। এ কারণে নতুন ওষুধটির পরীক্ষায় পাওয়া ফলাফলকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

এখনই নিরাময় বলছেন না গবেষকেরা

আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেলেও ডারাক্সনরাসিবকে এখনই অগ্ন্যাশয়ের ক্যানসারের নিরাময় হিসেবে বিবেচনা করছেন না চিকিৎসকেরা। কারণ, পরীক্ষায় যেসব রোগীর শরীরে স্ক্যানের মাধ্যমে ক্যানসার শনাক্ত করা যায়নি, তাঁদের ক্ষেত্রেও ভবিষ্যতে রোগটি আবার ফিরে আসবে কি না, তা নিশ্চিত নয়।

গবেষণায় রোগীদের গড়ে ১৮ মাস পর্যবেক্ষণ করা হয়েছে। দীর্ঘমেয়াদে ওষুধটির কার্যকারিতা কতটা স্থায়ী হয় এবং রোগীদের সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

ক্যানসার রিসার্চ ইউকের প্রধান নির্বাহী মিশেল মিচেল বলেন, অগ্ন্যাশয়ের ক্যানসার রোগীদের চিকিৎসায় কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় অগ্রগতির একটি হতে পারে। একই সঙ্গে কেআরএএস জিনের মিউটেশন রয়েছে এমন অন্যান্য ক্যানসারের চিকিৎসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে এই গবেষণা।

তবে বৃহত্তর পরিসরে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে ওষুধটির দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অন্যান্য ক্যানসার চিকিৎসাতেও সম্ভাবনা

বিশেষজ্ঞদের ধারণা, কেআরএএস জিনের মিউটেশন শুধু অগ্ন্যাশয়ের ক্যানসারেই নয়, ফুসফুস ও ডিম্বাশয়সহ আরও কয়েক ধরনের ক্যানসারেও দেখা যায়। ফলে এই জিনকে লক্ষ্য করে তৈরি ওষুধ ভবিষ্যতে অন্যান্য ক্যানসারের চিকিৎসাতেও কাজে আসতে পারে।

সব মিলিয়ে ডারাক্সনরাসিবের পরীক্ষায় পাওয়া ফলাফল অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। বিশেষ করে যেসব রোগীর ক্যানসার ইতোমধ্যে শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়েছে, তাঁদের জন্য এটি আশার খবর। তবে ওষুধটিকে কার্যকর ও নিরাপদ চিকিৎসা হিসেবে প্রতিষ্ঠা করতে আরও বড় পরিসরের গবেষণা এবং দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে ক্ষতির মুখে রাজবাড়ীর আমন চাষিরা

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত বরগুনা, আতঙ্কে বেড়িবাঁধের বাসিন্দারা

মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ৬ মাসের শিশুর

মিরসরাইয় হচ্ছে চীন-বাংলাদেশ যৌথ পানি শোধনাগার

অর্থের অভাবে সমুদ্র সংরক্ষণে হিমশিম খাচ্ছে উন্নয়নশীল দেশগুলো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে

২০২৬ সালে ভার্জিনিয়ায় হামে প্রথম শিশুমৃত্যু

যুদ্ধের ক্ষত না শুকাতেই শীতের আঘাত, বিপর্যস্ত গাজার বাস্তুচ্যুত মানুষ

চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহার

টিকাদান কমায় বিশ্বজুড়ে ফিরছে হাম, ঝুঁকিতে লাখো শিশু

জলবায়ু সংকট মোকাবিলায় কতটা প্রস্তুত বিশ্ব? কপ-৩১-এর খসড়ায় যা আছে

জলবায়ু রক্ষার সম্মেলনেই বিপত্তি, চুক্তি থেকে বাদ পড়ল কয়লা-তেল-গ্যাস!