
শুধু সাময়িক সংকট মোকাবিলা করে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এজন্য দেশের স্বাস্থ্যসেবাকে চিকিৎসাভিত্তিক মডেল থেকে প্রতিরোধভিত্তিক ব্যবস্থায় রূপান্তর করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতের নীতি নির্ধারণ ও মাঠপর্যায়ের পরিকল্পনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে এমপিএইচ ও এমফিল ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কোনো রোগ বা মহামারি প্রকট আকার ধারণ করলে সাময়িকভাবে তা মোকাবিলার প্রচলিত দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে টেকসই করতে হলে রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নীতি নির্ধারণ ও মাঠপর্যায়ের পরিকল্পনায় যুক্ত করার বিকল্প নেই।
গত আট মাসের স্বাস্থ্য খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে মন্ত্রণালয়কে বিভিন্ন সংকট মোকাবিলায় ব্যস্ত থাকতে হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ।
তিনি বলেন, সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে মাত্র এক মাসের মধ্যে দুই কোটি শিশুর কাছে টিকা ও কোল্ড চেইন ব্যবস্থা নিশ্চিত করে পৌঁছে দেওয়া সহজ কাজ ছিল না। এটি কোনো চিকিৎসকের একার কাজ নয়। এ জন্য দক্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিখুঁত পরিচালনাগত ও সরবরাহ ব্যবস্থাপনা পরিকল্পনার প্রয়োজন হয়েছে।
স্বাস্থ্য খাতে বিকেন্দ্রীকরণ ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪ জেলায় অন্তত দুজন করে মোট ১২৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে জেলা পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও নজরদারি কার্যক্রম সাজানো গেলে স্বাস্থ্য খাতের চিত্র আমূল বদলে যেত।
তিনি আরও বলেন, অতীতে স্বাস্থ্য খাতে হাজার কোটি টাকার কেনাকাটা হলেও সমন্বিত পরিকল্পনার অভাবে অবকাঠামো ও যন্ত্রপাতির যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়নি। নিয়ম অনুযায়ী, প্রতি একজন চিকিৎসকের বিপরীতে অন্তত তিনজন নার্স থাকার কথা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও সরকারি স্বাস্থ্য খাতে এই অনুপাত সমান সমান, অর্থাৎ একজন চিকিৎসকের বিপরীতে একজন নার্স রয়েছে।
এ ধরনের কাঠামোগত দুর্বলতা দূর করতে কমিউনিটি মেডিসিন, এপিডেমিওলজি, স্বাস্থ্যনীতি ও হাসপাতাল ব্যবস্থাপনার বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।
সরকারের পরিকল্পনা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে এম এ মুহিত বলেন, নির্বাচনী ইশতেহারে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার মূল ভিত্তি হলো প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা।
তিনি বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। তাঁদের প্রশিক্ষণ নির্দেশিকা তৈরি এবং দেশের রোগতাত্ত্বিক বাস্তবতার আলোকে রোগী প্রেরণ ও সেবা আদান-প্রদানের সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার কাজে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
নিপসমের গবেষণা কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একসময় প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণা সাময়িকী ‘জবসন’ আন্তর্জাতিক চিকিৎসা গবেষণা তথ্যভাণ্ডার ‘পাবমেড’-এ তালিকাভুক্ত ছিল। এ স্বীকৃতি ফিরিয়ে আনা জরুরি।
এ ছাড়া ধামরাইয়ে অবস্থিত নিপসমের মাঠপর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রের আবাসন ও গবেষণাগার সুবিধা আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন তিনি। এর মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা বাড়ানো সম্ভব হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।
সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, সরকারের লক্ষ্য প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন, যা অত্যন্ত প্রয়োজনীয়।