
উচ্চ রক্তচাপের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে ‘বাক্সড্রোস্ট্যাট’ (Baxdrostat) নামের একটি ওষুধ। গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট ধরনের উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীরা কয়েক মাস থেকে এক বছর ওষুধটি সেবনের পর বন্ধ করলেও এর সুফল দুই বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। এমনকি ছোট একটি গবেষণায় প্রায় এক-চতুর্থাংশ রোগীর রক্তচাপ ওষুধ ছাড়াই স্বাভাবিক পর্যায়ে ছিল। তবে গবেষকেরা বলছেন, ওষুধটিকে এখনই উচ্চ রক্তচাপের নিরাময় হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
শরীরে কীভাবে কাজ করে ওষুধটি?
বাক্সড্রোস্ট্যাট মূলত ‘প্রাইমারি অ্যালডোস্টেরনিজম’ নামের একটি সমস্যার চিকিৎসায় সম্ভাবনা দেখাচ্ছে। উচ্চ রক্তচাপের মোট রোগীর আনুমানিক ৫ থেকে ১০ শতাংশের ক্ষেত্রে এ সমস্যাটি দায়ী। এ অবস্থায় কিডনির ওপর অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থিতে ছোট নডিউল বা নিরীহ টিউমার তৈরি হতে পারে। এর ফলে শরীরে অতিরিক্ত পরিমাণে অ্যালডোস্টেরন নামের হরমোন উৎপন্ন হয়।
এই হরমোন কিডনিকে শরীরে লবণ ধরে রাখতে সংকেত দেয়। এতে রক্তচাপ বেড়ে যায়। সাধারণত এ সমস্যার প্রচলিত চিকিৎসা হলো অস্ত্রোপচারের মাধ্যমে আক্রান্ত অ্যাড্রিনাল গ্রন্থি অপসারণ করা। তবে অস্ত্রোপচারের পরও অন্য কারণের প্রভাবে কারও কারও উচ্চ রক্তচাপ থেকে যেতে পারে।
বাক্সড্রোস্ট্যাট এক ধরনের ‘অ্যালডোস্টেরন সিনথেজ ইনহিবিটর’। এটি রক্তচাপ বাড়াতে ভূমিকা রাখা অ্যালডোস্টেরন হরমোনের উৎপাদন কমিয়ে দেয়।
১৪ রোগীর ওপর গবেষণায় মিলেছে ইতিবাচক ফল
ওষুধটির দীর্ঘমেয়াদি প্রভাবের বিষয়টি উঠে এসেছে মাত্র ১৪ জন রোগীকে নিয়ে করা একটি ছোট গবেষণায়। প্রাথমিক তিন মাসের পরীক্ষায় তাঁদের রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমেছিল। এরপর তাঁরা আরও ছয় থেকে ১২ মাস প্রতিদিন বাক্সড্রোস্ট্যাট সেবন করেন। পরে ওষুধটি বন্ধ করে দেওয়া হয়।
চিকিৎসকেরা ওষুধ বন্ধের পর দুই বছর পর্যন্ত তাঁদের রক্তচাপ পর্যবেক্ষণ করেন। এতে দেখা যায়, ওষুধ সেবনের সময় রক্তচাপ যে মাত্রায় কমেছিল, তার সুফল দীর্ঘ সময় ধরে বজায় ছিল। গবেষণায় অংশ নেওয়া প্রায় এক-চতুর্থাংশ রোগী সব ধরনের উচ্চ রক্তচাপের ওষুধ বন্ধ করার পরও স্বাভাবিক রক্তচাপ ধরে রাখতে পেরেছেন।
গবেষণার নেতৃত্ব দেওয়া লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞ অধ্যাপক মরিস ব্রাউন এ ফলকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেছেন। গবেষণার ফল প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন সাময়িকীতে।
এখনই নিরাময়ের ওষুধ বলা যাচ্ছে না
তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, মাত্র ১৪ জন রোগীর ওপর করা গবেষণার ভিত্তিতে বাক্সড্রোস্ট্যাটকে উচ্চ রক্তচাপের নিরাময় হিসেবে ঘোষণা করা যাবে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক মেসন ফ্রিম্যানের মতে, রোগীদের মধ্যে এ প্রভাব কতটা সাধারণ এবং কত দিন স্থায়ী হয়, তা নিশ্চিত করতে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন। এ বিষয়ে বড় একটি গবেষণা ইতিমধ্যে চলছে।
ওষুধটি কীভাবে দীর্ঘমেয়াদি সুফল দিচ্ছে, তা নিয়েও গবেষণা চলছে। অধ্যাপক ব্রাউনের ধারণা, অ্যালডোস্টেরন উৎপাদন কমানোর ফলে শরীরে ‘রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিস’ নামের সক্রিয় অণুর পরিমাণ বেড়ে যেতে পারে। এগুলো অতিরিক্ত অ্যালডোস্টেরন উৎপাদনকারী কোষগুলোকে ধ্বংস করতে পারে। তবে এটি এখনো পরীক্ষাধীন একটি ধারণা; পরীক্ষাগারে এর সত্যতা যাচাই করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে অনুমোদন, যুক্তরাজ্যে মূল্যায়ন চলছে
প্রতিবেদন অনুযায়ী, বিদ্যমান ওষুধে নিয়ন্ত্রণে না আসা উচ্চ রক্তচাপের চিকিৎসায় চলতি বছর যুক্তরাষ্ট্রে বাক্সড্রোস্ট্যাট অনুমোদন পেয়েছে। অন্যদিকে, যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স (নাইস) ওষুধটির মূল্যায়ন করছে। মূল্যায়ন শেষে আগামী বছর দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এনএইচএস) এটি ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।
বিশ্বজুড়ে একশ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। তাঁদের মধ্যে যাঁদের উচ্চ রক্তচাপের পেছনে অতিরিক্ত অ্যালডোস্টেরন উৎপাদন দায়ী, তাঁদের চিকিৎসায় বাক্সড্রোস্ট্যাট নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে ছোট গবেষণার ফল বৃহত্তর জনগোষ্ঠীর ক্ষেত্রেও কার্যকর হবে কি না, তা জানতে আরও গবেষণার ফলের অপেক্ষা করতে হবে।