
দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানায় বাজুস। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, মঙ্গলবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এর আগের দিন এ মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
কমেছে রুপার দামও
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৩৩১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।