
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলস্টেশন এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টায় ‘ক্যাম্পাস ক্লিন ইনিশিয়েটিভ’ শীর্ষক এ কর্মসূচিতে সংগঠনটির অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। অভিযানে স্টেশনের প্ল্যাটফর্ম, সংলগ্ন রেললাইন ও আশপাশের এলাকা থেকে আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় পরিচ্ছন্নতার সরঞ্জাম সরবরাহ করেন আয়োজকেরা।

আয়োজক সূত্রে জানা যায়, সম্প্রতি রেলস্টেশন এলাকার খাবারের দোকানগুলো নিয়মিত তদারকির সময় একটি দোকানে চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান যুব ক্যাব চবি শাখার সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে দোকানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। নিরাপদ খাবার নিশ্চিত করার ধারাবাহিকতা বজায় রাখা এবং স্টেশন এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুব ক্যাব চবি শাখার সাধারণ সম্পাদক তানজিম আশরাফ রাতুল।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগের প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতে ক্যাব যুব গ্রুপের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়। একই সঙ্গে স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা স্থায়ী করতে দ্রুত পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের গুরুত্ব তুলে ধরেন অতিথিরা।
যুব ক্যাব চবি শাখার নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাবার নিশ্চিত করা এবং পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।