ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬, ৪:৪৪ বিকাল

Link Copied!

মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটির সম্ভাবনা বিবেচনায় নিয়ে এর বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের এ উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

এ সময় প্রকল্পের গবেষকরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কেও তাঁকে অবহিত করা হয়।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান গবেষণাটির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে।

প্রায় ১০ বছর ধরে পরিচালিত এ গবেষণায় ‘হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন’ (এইচটিএল) প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন কুয়েটের গবেষকরা।

গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, গবেষণাগারের পরীক্ষায় ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের ফল পাওয়া গেছে। পাশাপাশি ডিজেলসমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে। গবেষণার এসব ফলাফল ও প্রযুক্তিটির সম্ভাবনা প্রধানমন্ত্রীকে অবহিত করেন তাঁরা।

গবেষণার পরবর্তী ধাপে প্রতিদিন ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াকরণ সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রযুক্তিটির কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে।

গবেষকদের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত পাইলট প্ল্যান্ট বাস্তবায়নে আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা প্রয়োজন হবে।

তাঁরা আরও জানান, প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা সম্ভব হলে ভবিষ্যতে আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ প্রতিস্থাপনের সম্ভাবনা রয়েছে। এতে বছরে আনুমানিক ৬ হাজার ৫০০ কোটি থেকে ১৩ হাজার কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে বলে তাঁদের ধারণা।

তবে এ সম্ভাবনা বাস্তবায়নের আগে বৃহৎ পরিসরে প্রযুক্তিটির কার্যকারিতা, উৎপাদন ব্যয় ও অর্থনৈতিক সক্ষমতা যাচাই করা প্রয়োজন।

প্রকল্পসংশ্লিষ্ট গবেষকদের প্রত্যাশা, সরকারি সহযোগিতায় প্রযুক্তিটি সফলভাবে বাণিজ্যিক পর্যায়ে নেওয়া সম্ভব হলে দেশের জ্বালানি তেলের সংকট মোকাবিলা এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

একই সঙ্গে জ্বালানি আমদানিনির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, পরিবেশদূষণ হ্রাস এবং দেশীয় জ্বালানি শিল্পের বিকাশেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Chattogram Urges Drivers to Follow 40 km/h Speed Limit to Prevent Road Accidents

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ৪০ কিমি গতিসীমা মানার আহ্বান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

পাঁচ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার শিশু হাসপাতাল

যাত্রাবাড়ীতে দ্রুতগতির বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আগামী পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

ইংল্যান্ডে তীব্র গরমে এক গ্রীষ্মেই ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু

OPPO Celebrates First Sale of World’s First Triple 200MP Camera Phone in Bangladesh

বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

সমুদ্রের ভাঙনে হারিয়ে যেতে পারে ইংল্যান্ডের হাজারো বাড়ি!

প্রায় ১০০ বছর পর ফিরছে ৪০০ কোটি গাছ হারানোর সেই প্রজাতি!

কপ৩১ ব্যর্থতার প্রতীক ক্রিস বোয়েনের যে ছবিটি বিশ্বজুড়ে আলোচনায়