
গাড়িতে তেল ভরানোর সময় অনেকেরই কৌতূহল থাকে-একটি পেট্রোল পাম্পের মালিক প্রতিদিন কত টাকা আয় করেন? প্রচলিত ধারণা অনুযায়ী, ট্যাংকারে করে তেল এনে প্রতি লিটারে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত লাভ করেন পাম্প মালিকরা। তবে বাস্তবে ভারতের পেট্রোল পাম্পের আয় নির্ভর করে নির্ধারিত ডিলার কমিশন, বিক্রির পরিমাণ এবং পরিচালন ব্যয়ের ওপর।
ভারতের পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল (PPAC)-এর তথ্য অনুযায়ী, পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে ডিলারদের কমিশন নির্দিষ্ট একটি ফর্মুলার ভিত্তিতে নির্ধারণ করা হয়। এতে নির্দিষ্ট অংকের সঙ্গে পণ্যের বিলযোগ্য মূল্যের একটি নির্দিষ্ট শতাংশ যুক্ত হয়।
পেট্রোলের ক্ষেত্রে প্রতি কিলোলিটার বা ১ হাজার লিটারে নির্দিষ্ট কমিশন ৩ হাজার ১৪৪ দশমিক ০৩ রুপি। এর সঙ্গে পণ্যের বিলযোগ্য মূল্যের ০ দশমিক ৮৭০ শতাংশ যুক্ত হয়। শুধু নির্দিষ্ট কমিশনের হিসাব ধরলে প্রতি লিটার পেট্রোলে প্রায় ৩ রুপি ১৪ পয়সা কমিশন পাওয়া যায়।
ধরা যাক, কোনো পাম্পে দিনে ৫ হাজার লিটার পেট্রোল বিক্রি হলো। সে ক্ষেত্রে শুধু নির্দিষ্ট কমিশন বাবদ দৈনিক আয় দাঁড়ায় প্রায় ১৫ হাজার ৭২০ রুপি। এর সঙ্গে বিলযোগ্য মূল্যের শতাংশভিত্তিক কমিশনও যোগ হবে।
অন্যদিকে, ডিজেলের ক্ষেত্রে প্রতি কিলোলিটারে ডিলার কমিশন ২ হাজার ৩৩২ দশমিক ৫১ রুপি। এর সঙ্গে বিলযোগ্য মূল্যের ০ দশমিক ২৬৬ শতাংশ যুক্ত হয়। অর্থাৎ, শুধু নির্দিষ্ট কমিশনের হিসাবে প্রতি লিটার ডিজেলে প্রায় ২ রুপি ৩৩ পয়সা কমিশন পাওয়া যায়।
তবে পেট্রোল বা ডিজেল বিক্রির কমিশনকে সরাসরি পাম্প মালিকের নিট লাভ হিসেবে দেখার সুযোগ নেই। অনেকের ধারণা, ১০০ রুপির তেল বিক্রি হলে পাম্প মালিকের পকেটে সরাসরি কয়েক রুপি লাভ চলে যায়। বাস্তবে কমিশন এবং নিট লাভের মধ্যে রয়েছে বড় পার্থক্য।
পাম্প পরিচালনায় কর্মীদের বেতন, বিদ্যুৎ বিল, স্টেশন রক্ষণাবেক্ষণ, মেশিনের সার্ভিসিং, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং ব্যাংকিং বা ডিজিটাল লেনদেনের চার্জসহ বিভিন্ন খরচ রয়েছে। এসব ব্যয় মেটানোর পরই প্রকৃত লাভের হিসাব করা হয়।
উদাহরণ হিসেবে, কোনো পাম্পে প্রতিদিন ৫ হাজার লিটার পেট্রোল বিক্রি হলে এক মাসে শুধু নির্দিষ্ট কমিশন বাবদ আয় হতে পারে প্রায় ৪ লাখ ৭১ হাজার রুপি। তবে পুরো অর্থই মালিকের লাভ নয়। কর্মী ও অন্যান্য মাসিক খরচ বাবদ প্রায় ২ লাখ রুপি ব্যয় হলে নিট লাভ প্রায় ২ লাখ রুপির মতো হতে পারে।
অর্থাৎ, পেট্রোল পাম্প বড় অংকের ব্যবসা হলেও প্রতি লিটারে পাওয়া কমিশনই মালিকের প্রকৃত লাভ নয়। প্রতিদিন কত পরিমাণ তেল বিক্রি হচ্ছে এবং পরিচালন ব্যয় কত—এই দুইয়ের ওপরই শেষ পর্যন্ত পাম্পের প্রকৃত আয় ও লাভ নির্ভর করে।