
উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। পরে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নেয়।
আজ (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় নিম্নচাপটি ১৫ দশমিক ৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৭ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এ সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কক্সবাজার থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মোংলা থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল।
আবহাওয়া অধিদফতর জানায়, নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।