
ডিজেলের মূল্যবৃদ্ধি ও বাস পরিচালনার বর্তমান ব্যয় বিবেচনায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়েছে সরকার। গত ২২ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন ভাড়ার হারও ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
অর্থাৎ মহানগরীর বাস, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাস এবং ডিটিসিএভুক্ত এলাকার বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বেড়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে স্বল্প দূরত্বের যাত্রীদের ক্ষেত্রেও এ সর্বনিম্ন ভাড়া প্রযোজ্য হবে।
তবে এ ভাড়া গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ বর্ধিত ভাড়া শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের জন্য কার্যকর হবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২)-এ দেওয়া ক্ষমতাবলে সরকার এ ভাড়া পুনর্নির্ধারণ করেছে। বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ জন্য রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষকে বিআরটিএর যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিতে হবে।
নতুন ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
সংশ্লিষ্টদের মতে, জ্বালানি ব্যয়ের পাশাপাশি বাসের রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ, শ্রমিকের মজুরি ও অন্যান্য পরিচালন ব্যয় বিবেচনায় নিয়ে ভাড়া সমন্বয় করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ২৩ এপ্রিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নির্ধারিত ভাড়ার সঙ্গে সমন্বয় করে নতুন এ ভাড়া নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়া বাস্তবায়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ, ডিটিসিএ, বিআরটিসি, পুলিশ ও হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।