ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  • অন্যান্য

দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, দুই কারখানাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৪, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ । ২৩ জন

দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে দুইটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মার্চ) দুপুরে হিলির ডাঙ্গাপাড়া এলাকার সেমাই কারখানাগুলোতে অভিযান পরিচালনা করেন অশোক বিক্রম চাকমা, উপজেলা নির্বাহী অফিসার, হাকিমপুর উপজেলা।

উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানান, পবিত্র মাহে রমজান চলমান এবং সামনে ঈদুল ফিতর। এ সময় সেমাইয়ের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাই কারখানাগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানে দুইটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এজন্য ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে তাদের মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব কারখানাকে সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।