ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

রমজানে জবিতে সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ । ৯৫ জন

পবিত্র রমজান মাস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে এসব পণ্যসামগ্রী বিক্রি করা হয়।

জানা গেছে, চিনি প্রতি কেজি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা, খেজুর ১৬০ টাকা এবং ভোজ্যতেল ১১৫ টাকা লিটার দরে বিক্রি করা হয়। বাজারদরের তুলনায় এসব পণ্য কম দামে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

টিসিবির পণ্য কিনতে আসা মিলি নামে এক শিক্ষার্থী বলেন, জকসুর এ উদ্যোগ রমজানে শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে। কারণ ছোলা, চিনি, ভোজ্যতেল ও খেজুরের দাম বাইরে অনেক বেশি। স্বল্পমূল্যে মানসম্মত পণ্য পাওয়া শিক্ষার্থীদের জন্য স্বস্তির।

এ বিষয়ে জকসুর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, পবিত্র রমজান উপলক্ষে শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্যাফেটেরিয়ায় পুষ্টিমান বজায় রেখে খাবারের পরিমাণ বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে।

জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলবিহীন ও মেসভিত্তিক বিশ্ববিদ্যালয় হওয়ায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়েন। সেই ভোগান্তি লাঘব করতেই এ কার্যক্রম চালু করা হয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে ভালো সাড়া পাওয়া গেলে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।