মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে এমভি CLIPPER ISADORA জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। সোমবার (১৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী সরকার-টু-সরকার (G to G) ভিত্তিতে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-02-এর আওতায় এই গম আমদানি করা হয়েছে। এটি উক্ত চুক্তির আওতায় দ্বিতীয় চালান।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, G to G-02 চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর আগে প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম দেশে পৌঁছায়।
বর্তমান চালানের ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৪৪৩ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
এদিকে, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় মান যাচাই শেষে দ্রুত গম খালাসের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, এর আগে G to G-01 চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ইতোমধ্যে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি সম্পন্ন হয়েছে। সরকারের এই আমদানি কার্যক্রম দেশের খাদ্য মজুদ স্থিতিশীল রাখা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


