ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ভরা মৌসুমেও আত্রাইয়ে শুঁটকি উৎপাদনে ভাটা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০১ সকাল

Link Copied!

নওগাঁর আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রাম শুঁটকির গ্রাম হিসেবে বিশেষভাবে পরিচিত। এখানকার দেশীয় ছোট মাছের শুঁটকি প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়ায় দেশজুড়ে কদর রয়েছে। এমনকি প্রতিবেশী দেশ ভারতেও এই এলাকার শুঁটকির চাহিদা রয়েছে। তবে ভরা মৌসুম চললেও মাছের সংকটে এবার শুঁটকি উৎপাদনে বড় ধরনের ভাটা পড়েছে। অল্প যে মাছ পাওয়া যাচ্ছে, তা কিনতে হচ্ছে বেশি দামে।

আত্রাই উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রায় ২৫০ মেট্রিক টন শুঁটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এখানকার শুঁটকির প্রধান বাজার রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও ঢাকা। পাশাপাশি ভারতেও রপ্তানি হয়। একসময় এ উপজেলায় প্রায় ৪০ জন ব্যবসায়ী শুঁটকি উৎপাদনের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে ১৫ থেকে ১৮ জন ব্যবসায়ী এই পেশায় সক্রিয় রয়েছেন।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আত্রাই রেলস্টেশনের দুই পাশে শুঁটকি শুকানোর চাতাল বসানো হয়েছে। নারী-পুরুষ শ্রমিকরা মাছ কাটা, ধোয়া, লবণ লাগানো ও রোদে শুকানোর কাজে ব্যস্ত থাকলেও মাছের অভাবে অনেক চাতাল ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আত্রাই উপজেলা বিল অধ্যুষিত এলাকা। আত্রাই নদী, ছোট যমুনা নদীসহ শতাধিক খাল-বিল রয়েছে এখানে। সাধারণত পানি কমতে শুরু করলে টেংরা, পুঁটি, খলসে, টাকি, শোল, চাঁদাসহ বিভিন্ন দেশীয় মাছ বাজারে ওঠে। তবে চায়না দুয়ারি, সুতি, কারেন্ট ও ভাদাই জালের অবাধ ব্যবহারে এবার পানি কমলেও মাছের দেখা মিলছে না। ফলে অক্টোবর-নভেম্বর মাসে অধিকাংশ চাতাল বন্ধ ছিল। এতে চাহিদা অনুযায়ী শুঁটকি উৎপাদন সম্ভব হচ্ছে না।

ভরতেঁতুলিয়া গ্রামের শুঁটকি ব্যবসায়ী রামপদ শীল বলেন, “এ বছর মাছের খুব অভাব। যে মাছ পাওয়া যাচ্ছে, মানভেদে কেজিপ্রতি ১০০ থেকে ২২০ টাকা দামে কিনতে হচ্ছে। প্রতিদিন ২০-২৫ মণ মাছের প্রয়োজন হলেও বাজারে ৭-১০ মণের বেশি পাওয়া যাচ্ছে না।”

ব্যবসায়ী জিল্লুর রহমান ও সবদুল প্রামানিক বলেন, কয়েক বছর আগেও এই সময় শুঁটকি পল্লী ছিল মুখর। কিন্তু এখন বর্ষার শুরুতেই অবৈধ জাল দিয়ে মাছ ধরায় বাজারে মাছ পাওয়া যাচ্ছে না। মাছের অভাবে অনেক চাতাল বন্ধ থাকায় নারী-পুরুষ শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন।

শুঁটকি চাতালের নারী শ্রমিক আনজুমান বেগম বলেন, “মাছ না থাকায় কাজ কমে গেছে। এই কাজ করেই আমাদের সংসার চলে। এখন অনেক দিন কাজ পাই না।”

এ বিষয়ে আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, শুঁটকির সঙ্গে জড়িতদের নিরাপদ ও মানসম্মতভাবে শুঁটকি তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি অবৈধ ও অসাধু উপায়ে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স