ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

সৌদি আরব ও ইরাকে ভূমিকম্প, বড় ক্ষতির খবর নেই

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ । ১৩৪ জন

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় ৩.৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাকে রিখটার স্কেলে ৫.০৯ মাত্রার একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে। খবর সৌদি গেজেট।

সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানায়, শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনার আল-আইস এবং তাবুকের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর–পশ্চিমে।

একই সময়ে ইরাকেও শক্তিশালী একটি কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫.০৯। সৌদি জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, উভয় ভূমিকম্পের পর এখনো কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত, যেখানে ভূকম্পন কার্যক্রম প্রায়ই দেখা যায়।