ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ণ । ৩৬ জন

সরকার দ্রুতই সারা দেশে ব্যাপকভাবে খাল খনন কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে এবং শিগগিরই এ ঐতিহাসিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পাশাপাশি খালের দুই পাশে সমন্বিত বনায়ন কার্যক্রমও গ্রহণ করা হবে।

গতকাল বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, খাল খনন বিষয়ে ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী কাজ শুরু করতে আরও কিছুদিন সময় লাগতে পারে।

মন্ত্রী বলেন, খালগুলোর দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে। শুধু খালপাড় নয়, দেশের সব বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও খোলা স্থানে বনায়ন ও সবুজায়নের উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর ‘আই হ্যাভ আ প্ল্যান’ বক্তব্য উদ্ধৃত করে জহির উদ্দিন স্বপন বলেন, ক্ষমতায় আসার পরপরই তারেক রহমানের পরিকল্পনাগুলো বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। খাল খনন, বনায়ন ও নারীর ক্ষমতায়নকে তিনি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে উল্লেখ করেন।

খাল খনন প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তার সময়কার খাল খনন কর্মসূচির সুফল হিসেবে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। পরবর্তী সময়ে খালগুলো ভরাট ও নাব্যতা হারানোর কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই বর্তমান সরকারের এ উদ্যোগ।

তিনি বলেন, খাল খনন হলে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছাবে, যা সেচব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সময় বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, দলীয় সরকার নয়, জনগণের সরকার গঠনই তাদের লক্ষ্য। নির্বাচিত হলে সরকারে থাকবে, না হলে বিরোধী দলে থাকবে—তবে নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করা হবে।

খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর তথ্যমন্ত্রী গৌরনদী ও আগৈলঝাড়া এলাকার ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।