ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

শাহজালাল বিমানবন্দরে অবৈধ সিগারেট ও জর্দা জব্দ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৪, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ । ১২৫ জন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, জর্দা ও সুপারি জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ। এ সময় চারজন বহির্গামী যাত্রীকে আটক করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের বিভিন্ন টার্মিনাল এলাকায় সন্দেহভাজন যাত্রীদের গতিবিধি নজরে এলে এভিয়েশন সিকিউরিটি বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চার যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১৭৬ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, ৫৬৯ প্যাকেট জর্দা এবং প্রায় ২০ কেজি সুপারি। এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক যাত্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে এভিয়েশন সিকিউরিটির নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।