
গাজীপুরকে শব্দদূষণমুক্ত ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে আগামী ১৫ দিনের মধ্যে জেলার ১ হাজার ৫০০ যানবাহন থেকে অবৈধ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা দিয়েছে জেলা পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে গণপরিবহন মালিক, চালক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী গাজীপুরকে শব্দদূষণমুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসনের বাস্তবায়িত ১৫ সপ্তাহব্যাপী ‘শব্দদূষণহীন গাজীপুর, শান্তিময় জীবন’ কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সভায় পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা সড়কে অটোরিকশার আধিক্য, ফুটপাতে বাজার স্থাপন এবং সাধারণ মানুষের অসচেতনতাকে অতিরিক্ত হর্ন বাজানোর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
তারা জেলা প্রশাসনের এ কর্মসূচিকে ইতিবাচক ও দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করে শব্দদূষণ নিরসনে সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে জেলার ১ হাজার ৫০০ যানবাহন থেকে অবৈধ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা দেন।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভুঁইয়া। তিনি বলেন, গাজীপুর জেলাকে শব্দদূষণমুক্ত ও শান্তিময় রাখতে চান। হর্ন পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও তা নিয়ন্ত্রণে রাখতে হবে। নিজেকে বিপদমুক্ত রাখার জন্যই কেবল হর্ন ব্যবহার করা উচিত।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার এসএম আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন এবং পথের সাথী পরিবহনের চেয়ারম্যান জুনায়েদ হোসেন লিয়ন।
সভা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর শিববাড়ি এলাকায় বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী ও সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।