ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  • অন্যান্য

লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ । ০ জন

দেশের ওপর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল বুধবার (১ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (৩ এপ্রিল) সিলেট বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যত্র শুষ্ক ও আংশিক মেঘলা আবহাওয়া থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (৪ এপ্রিল) সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচদিনের শেষের দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।