লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সিলেট বিভাগ–এর কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
শুক্রবার (৩ এপ্রিল) একইভাবে সিলেট বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (৪ এপ্রিল) সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
রোববার (৫ এপ্রিল) ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। ফলে দেশের আবহাওয়ায় পরিবর্তনশীল পরিস্থিতি বিরাজ করবে।


