ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

লঘুচাপের প্রভাবে আজ যেসব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ । ১২৩ জন

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ থেকে দেশের চার বিভাগে দুদিন বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সংস্থাটি জানায়, খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা দেশের সামগ্রিক আবহাওয়ায় প্রভাব ফেলছে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৩ ফেব্রুয়ারি: খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

২৪ ফেব্রুয়ারি: রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৫ ফেব্রুয়ারি: সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া সংশ্লিষ্টদের পরামর্শ, সম্ভাব্য বজ্রবৃষ্টির সময় খোলা স্থানে অবস্থান এড়িয়ে চলা এবং নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশনা অনুসরণ করা উচিত।