ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য
  3. লাইফস্টাইল

রাজশাহীতে ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, বরাদ্দ ২৮৯ টন চাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর ২০২৬, ৪:৪৩ বিকাল

Link Copied!

রাজশাহী মহানগর ও জেলার ৯ উপজেলায় ৪৮৯টি মণ্ডপে জোরেশোরে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। উৎসবকে সামনে রেখে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমা তৈরির কাজ। এরই মধ্যে অধিকাংশ প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন শেষ মুহূর্তে চলছে রং ও সাজসজ্জার কাজ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বছর রাজশাহীর ৪৮৯টি পূজামণ্ডপে বিতরণের জন্য ২৮৯ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী মহানগর এলাকার ৮৫টি এবং জেলার ৯ উপজেলার ৪০৪টি পূজামণ্ডপের প্রতিটির জন্য ৬০০ কেজি করে মোট ২৮৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বরাদ্দের চাল এসে পৌঁছেছে। আরও সাতটি মণ্ডপের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ এলে সেগুলোর চালও বিতরণ করা হবে। আগামী সপ্তাহের মধ্যে মণ্ডপগুলোতে চাল বিতরণের আশা করা হচ্ছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বরাদ্দের চাল হস্তান্তর করা হবে। পরে তারা মণ্ডপ কর্তৃপক্ষের কাছে চাল বুঝিয়ে দেবেন।

৪৮৯টি পূজামণ্ডপের মধ্যে রাজশাহী মহানগরে ৮৫টি, গোদাগাড়ীতে ৪২টি, তানোরে ৫৯টি, পবায় ২৩টি, মোহনপুরে ২৫টি, বাগমারায় ৮৬টি, দুর্গাপুরে ২৪টি, চারঘাটে ৪২টি, বাঘায় ৪৮টি এবং পুঠিয়ায় ৫৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

গত বছরের তুলনায় এবার রাজশাহীতে পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। গত বছর ৪৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবার মণ্ডপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৯টিতে। অর্থাৎ এ বছর ১৭টি মণ্ডপ বেড়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার বলেন, গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। যেসব মণ্ডপের জন্য বরাদ্দ এখনও আসেনি, সেগুলোর বরাদ্দ পাওয়া গেলে সব মণ্ডপে চাল পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা চাল দ্রুত পৌঁছে দেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উদযাপনের জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আশা করা হচ্ছে, তারা স্বাচ্ছন্দ্যে পূজা উদযাপন করতে পারবেন।

এদিকে, রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমাগুলো হয়ে উঠছে অপরূপ। বাঁশ, খড় ও কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির পর এখন চলছে প্রলেপ ও রঙের কাজ। একই সঙ্গে দুর্গোৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে মন্দিরগুলোতে দিনরাত চলছে ব্যাপক প্রস্তুতি।

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা ষষ্ঠীর আগে থেকেই শুরু হয়। এ বছর ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে। এর আগে পঞ্চমী থেকেই শুরু হবে উৎসবের আমেজ।

রাজশাহী মহানগরের কৃষ্ণ মন্দিরে মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত কারিগর কৃষ্ণ বলেন, প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন শুধু রঙের কাজ বাকি।

সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য ইতোমধ্যে রাজশাহী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী নেতা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগের কথা জানানো হয়। পাশাপাশি পূজা উদযাপন পরিষদ ও প্রতিটি মণ্ডপ কমিটিকেও স্বেচ্ছাসেবক নিয়োগের কথা জানিয়েছে প্রশাসন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম বলেন, রাজশাহী মহানগর পুলিশের অধীন এলাকায় ১০৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তারাও কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন। পুলিশের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করবে। যেসব মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে, সেগুলোতেও ইতোমধ্যে পুলিশ নিরাপত্তা দিচ্ছে। পূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করা হচ্ছে, সনাতন ধর্মাবলম্বীরা সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

জলবায়ু পরিবর্তনের ক্ষতি দেখতে টুভালুতে বিশ্বনেতারা

কপ-৩১: জীবাশ্ম জ্বালানি ছাড়ার চাপের মধ্যে নতুন জলবায়ু উদ্যোগ

তরুণদের মধ্যে বাড়ছে ক্যান্সারের হার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

শ্রীনগরে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১

ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতালে নতুন ৩০০ শয্যা প্রস্তুত

শাহজালালে তিন যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আগামী ৭২ ঘণ্টায় বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

ফতুল্লায় ফেরিতে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি কমাতে ডিএমপির মতবিনিময় সভা

খুলনায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

ডেঙ্গুতে দ্রুত সুস্থ হতে তরল ও পুষ্টিকর খাবারের পরামর্শ