রাজশাহীতে রেললাইনের ওপর আটকে থাকা একটি চলন্ত ট্রাককে ধাক্কা দিয়েছে একটি ট্রেন। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল একটি কাঠবোঝাই ট্রাক। রেলক্রসিংয়ে উঠতেই ট্রাকটি লাইনের ওপর আটকে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটি সরাতে ব্যর্থ হন। এ সময় ট্রেন আসার সংকেত পেয়ে চালক ও হেলপার দ্রুত নেমে যান।
এর কিছুক্ষণের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি আইআর শাটল ট্রেন এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি ছিটকে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর পড়ে।
ওসি ফরহাদ আলী জানান, ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাড়ির ওপর পড়ে যায়। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা দাদি ও নাতি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।


